, | |

মূলপাতা আইন-আদালত

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার


প্রকাশের সময় :২২ সেপ্টেম্বর, ২০২৪ ৭:০৬ : অপরাহ্ণ

পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনস্বার্থে রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে এই অবসর দেন তাদের। এর আগে অবসরে পাঠানো অনেক কর্মকর্তা হত্যা মামলার আসামি হয়েছেন।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

অবসরে পাঠানো ৬ কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. দাদন ফকির, এপিবিএনের সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ঢাকার পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে সংযুক্তির আদেশপ্রাপ্ত রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমাড্যান্ট (পুলিশ সুপার) মো. মীজানুর রহমান, ঢাকার শিল্পাঞ্চল পুলিশে সংযুক্ত (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক এ কে এম হাফিজ আক্তার, পুলিশ টেলিকম ঢাকার (অতিরিক্ত আইজি, সুপারনিউমারারি) উপপুলিশ মহাপরিদর্শক বশির আহম্মদ এবং রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক দেবদাস ভট্টাচার্য।

 

পৃথক এসব প্রজ্ঞাপনে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবুল মোমেন বলেন, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

বাধ্যতামূলক অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান এবং অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২১ আগস্ট পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন ও সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, সদ্য সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং পুলিশ সদরদপ্তরের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

গত ২৭ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটনের সাবেক কমিশনার পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রাকিবুল ইসলামকে অবসরে পাঠায় সরকার।

সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার লুৎফুল কবির, সিআইডির ডিআইজি মো. ইমাম হোসেন ও নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরকে অবসরে পাঠানো হয়।

অবসরে পাঠানো অনেক কর্মকর্তা হত্যা মামলায় জড়িয়ে গেছেন। তাদের কেউ কেউ এরই মধ্যে আটক হয়েছেন।

আরও পড়ুন: মারধরের পর ছিলেন হাসপাতালে, এখন কোথায় ডিবি হারুন?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর