, | |

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ বিমানবন্দরে আটক


শাহ আমানত বিমানবন্দরে আটক করা হয় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে।
প্রকাশের সময় :৮ আগস্ট, ২০২৪ ১২:৩৮ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে (৭ আগস্ট) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের ফ্লাইটের অপেক্ষায় ছিলেন আজিজ। এ সময় বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন।

জানা যায়, তার বিরুদ্ধে অন্যায়ভাবে জায়গা দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

গত ৪ আগস্ট চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনকে ঘিরে সংঘর্ষের সময় হামলার শিকার হয়েছিলেন আজিজ। তিনি মাথায় গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৯ মার্চ দেবাশীষ নাথ দেবুকে সভাপতি ও আজিজুর রহমান আজিজকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির সময় লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। ওই দিন বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ থেকে পালিয়ে যান।

হাসিনার পতনের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা-উপজেলার বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া নেতাদের মারধর, হত্যা, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

এ অবস্থায় আওয়ামী লীগের নেতারা এখন আত্মগোপনে। কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন। ইতিমধ্যে ঢাকা শাহজালাল বিমানবন্দরে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয়েছে। এ ছাড়া গতকাল মঙ্গলবার বিকেলে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড।

আরও পড়ুন:

আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী-এমপিরা কে কোথায়

শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘণ্টা যা ঘটেছিল

ভারতে পালানোর সময় ফেনীর আ.লীগ নেতা নিজাম হাজারী আটক

মুখে মাস্ক পরে পালানোর সময় বিমানবন্দরে আটক পলক

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর