, | |

মূলপাতা চট্ট-মেট্টো

আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার করলে ১২টা বাজবে, পুলিশকে হুমকি দিলেন এমপি নদভী


গত শুক্রবার সাতকানিয়ার উপজেলার ইছামতি মুহাম্মদীয় আদর্শ দাখিল মাদ্রাসার এক সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :২৩ অক্টোবর, ২০২৩ ১০:৪৪ : অপরাহ্ণ

একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। এবার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করলে পুলিশের ১২টা বাজানোর হুমকি দিয়েছেন তিনি।

গত শুক্রবার (২০ অক্টোবর) সাতকানিয়ার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি মুহাম্মদীয় আদর্শ দাখিল মাদ্রাসার এক সভায় তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় পুলিশকে হুমকি দিয়ে বলেন, ‘আরার হনে মানুষরে যদি পুলিশে ধরে, তাহলে ১২টা বাজিবো (আমাদের কোনো মানুষকে যদি পুলিশ গ্রেপ্তার করে, তাহলে ১২টা বাজবে)।’

সভায় এমপি নদভীর দেওয়া বক্তব্যর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এমপি নদভী বলেন, ‘এই পশ্চিম ঢেমশার বর্তমান চেয়ারম্যান আমাদের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি পুলিশ-প্রশাসনকে সতর্ক করছি। আমাদের কোনো নেতা-কর্মীকে যদি ধরে, তাহলে অবস্থা বারোটা বাজবে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ কাউকে ধরতে পারবে না। মামলাগুলো সব প্রত্যাহার করার নির্দেশনা দেব।’

এ বিষয়ে জানতে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য নদভীর ব্যক্তিগত নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সুমন বলেন, ‘আমি কারও বিরুদ্ধে মামলা করিনি। মামলার বাদিও না। এখানকার লোকজন মামলা করেছে। তাঁরা মামলা করেছে, কারণ তাঁরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে।’

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ বলেন, ‘কেউ ফৌজদারি অপরাধ করলে, যেই হোক তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। এখানে এমপি সাহেবের বক্তব্যের কোনো ভিত্তি নেই। ওনার আদেশ মানারও আমরা কেউ নয়।’

এর আগে এক আওয়ামী লীগ নেতাকে এমপি নদভী থাপ্পড় মারার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে এমপি ওই আওয়ামী লীগ নেতাকে জীবিত পুঁতে ফেলারও হুমকি দেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর