বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ শোভাযাত্রা হচ্ছে।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
শোভাযাত্রাটি ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হওয়ার কথা।
শোভাযাত্রা শুরুর আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।
উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে জুমার নামাজের পর থেকে নয়াপল্টনে নেতা-কর্মীরা আসতে শুরু করেন।
বেলা ২টায় মুষলধারে বৃষ্টি শুরু হওয়ার পরও বৃষ্টিতে ভিজে নেতা-কর্মীরা কর্মসূচির প্রাঙ্গণে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন। পরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হলেও কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের ভিড়ও বাড়ে।
ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা ফেস্টুন, ব্যানার নিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নয়াপল্টন।
এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে শোভাযাত্রার প্রাঙ্গণ মুখরিত করেন তুলেন তারা।
