সারাদেশে আগামীকাল রোববার প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। বিএনপির ‘অগ্নিসন্ত্রাসের’ প্রতিবাদে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্ষমতাসীন দলটি এই কর্মসূচি পালন করবে।
আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কার্যালয়ে সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সভায় ওবায়দুল কাদের বলেন, পরিষ্কার ভাষায় বলতে চাই বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। ২০১৪-১৫ সালের পুনরাবৃত্তি। আমরা (আওয়ামী লীগ) যেটা আশঙ্কা করেছি সেটাই হয়েছে। গতকালও এটাই করতে চেয়েছিল বিএনপি। তাদের (বিএনপি) আন্দোলন এক দফা অগ্নিসন্ত্রাস। কিন্তু আওয়ামী লীগের শক্ত অবস্থানের কারণে এই নাশকতা ও বিশৃঙ্খলা করতে পারেনি।
এর আগে বিকেল ৫টার দিকে এ জরুরি সভা শুরু হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে জরুরি সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।
