বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব পাশ থেকে মাছ ধরার ৪টি ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশের জলসীমা থেকে এসব জেলেকে ধরে নিয়ে যায় তারা।
এ তথ্য নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ।
ট্রলার মালিকরা হলেন, সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ ও মোহাম্মদ ইউনুস।
সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ জানান, মিয়ানমারের নৌ-বাহিনী ধরে নিয়ে যাওয়ার পর মোবাইল ফোনে জেলেদের সঙ্গে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে তাদের নৌবাহিনীর জাহাজে তুলেছে এবং ট্রলারগুলো জাহাজে বেঁধে রেখেছে।
ট্রলার মালিক মো. আজিম জানান, সকালে সেন্টমার্টিনের পূর্ব দিকে এপারে ঢুকে তার মাছ ধরার ট্রলারটি নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। ট্রলারে ছয়জন জেলে ছিলেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের জন্য বিজিবি, কোস্টগার্ডকে জানানো হয়েছে।
আরও পড়ুন:
বাংলাদেশকে উড়িয়ে সিরিজ জিতলো পাকিস্তান
