, | |

মূলপাতা রাজধানী

পুরান ঢাকায় জুতার কারখানায় ভয়াবহ আগুন, ৫ জনের মৃতদেহ উদ্ধার


প্রকাশের সময় :৫ নভেম্বর, ২০২১ ৯:১৫ : পূর্বাহ্ণ

রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ শুক্রবার সকাল পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে চকবাজার থানার কামালবাগের সোয়ারীঘাট সংলগ্ন জুতার কারখানা ‘রুমানা রাবার ইন্ডাস্ট্রিজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা কারখানাটির শ্রমিক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, তিন তলা জুতার কারখানার দ্বিতীয় তলায় ঘুমন্ত অবস্থায় পাঁচজন অগ্নিদগ্ধ ও ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান। দু’জন লাফিয়ে পড়ে আহত হন। ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে। তাদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে তা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

চকবাজার থানার ওসি মো. আবদুল কাইউম মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Rajniti Sangbad


আরও খবর