চট্টগ্রামে করোনায় মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
আজ রোববার (৮ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার চট্টগ্রামে ৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। এ সময় করোনায় সংক্রমিত হয়ে ৮ জনের মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩০.৫২ শতাংশ।
শনাক্ত রোগীদের মধ্যে ৫১৯ জন নগরীর ও ৪১৪ জন উপজেলার বাসিন্দা। মারা যাওয়া রোগীদের মধ্যে ১০ জন নগরীর ও ৫ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন। এর মধ্যে ৬৬ হাজার ৮৯৪ জন নগরীর ও ২৩ হাজার ৬২৭ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা গেছেন ১০৫৯ জন। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬২১ জন ও উপজেলার ৪৩৮ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
