আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ হচ্ছে হীরার টুকরা। এই দলকে যতবার ভাঙ্গার চেষ্টা হয়েছে ততবারই আরো শক্তিশালী হয়েছে।’
আজ বুধবার (২৩ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
মানুষের জন্য যা কিছু করছে আওয়ামী লীগই করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘মানুষের দুঃখ-কষ্ট আওয়ামী লীগ উপলব্ধি করেছে। আজকে বাংলাদেশের উন্নয়ন আওয়ামী লীগের জন্য। এদেশের মানুষ যা কিছু পেয়েছে সব কিছু আওয়ামী লীগ দিয়েছে। কিছু বামদল আছে কিছু দক্ষিণপন্থী দল আছে। তারা ক্ষমতার পেছনে ছুটে ক্ষমতার পদলেহন করে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য কাজ করে।’
বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘ বঙ্গবন্ধুর অদ্ভুত শক্তি ছিল সংগঠন গড়ে তোলার। সবসময় সংগঠনের গুরুত্ব দিয়েছেন। ১৯৪৮ সালে ছাত্রলীগ গড়ে তুলেছেন বঙ্গবন্ধু। ১৯৪৯ সালে আওয়ামী লীগের জন্ম। ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। জনগণের সংগঠন হিসেবে দেখি, তৃণমূল মানুষের দ্বারা গঠিত সংগঠন দেখি সেটি আওয়ামী লীগ। বিএনপি ও জাতীয় পার্টি জনগণের মধ্য থেকে উঠে আসেনি ক্ষমতা দখলকারীর হাতে সৃষ্ট দল। যারা এ নিয়ে কথা বলে তাদের মনে রাখা উচিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ রয়েছে আর তা হচ্ছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। এদেশের মানুষকে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দিয়েছে আওয়ামী লীগ। জাতির পিতা সংবিধান দিয়েছেন, কীভাবে দেশ চলবে সেই নির্দেশনা দিয়েছেন। জাতির পিতার দেখানো পথে জনগণের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতা-কর্মীসহ সবাইকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীসহ সবাইকে স্মরণ করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বাহাত্তর বছরের আওয়ামী লীগ আক্ষরিক অর্থে বৃদ্ধ। কিন্তু আওয়ামী লীগ কি বৃদ্ধ হয়েছে? আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরে চির সবুজ ও চির তারুণ্যের দল।’
অতীতের যেকোনো সময়ের চেয়ে আওয়ামী লীগ আজ বেশ সংগঠিত জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আওয়ামী লীগের চেতনা। শত ষড়যন্ত্র করেও এ দলকে বিলুপ্ত করা যাবে না।’
