নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। ওই আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১১ জুলাই) সন্ধ্যা থেকে আড়াইহাজার উপজেলার নোয়াগাঁও এলাকার ‘মিয়াবাড়ি’ নামের ওই একতলা বাড়ি বাড়িটি ঘিরে রাখা হয়। ইতোমধ্যে ঘটনাস্থলে ঢাকা থেকে সোয়াত ও বম্ব ডিসপোজাল ইউনিটের টিম পৌঁছেছে।
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এ কে এম রহমত উল্লাহ চৌধুরী সুমন সংবাদমাধ্যমকে জানান, ওই জঙ্গি আস্তানায় বিস্ফোরক আছে, এই সন্দেহে আমরা ওই বাড়ি ঘিরে রেখেছি।
জানা গেছে, আজ রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হচ্ছে।
সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এ কে এম রহমত উল্লাহ চৌধুরী সুমন গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য।
সিটিটিসির কর্মকর্তারা জানান, গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে এই আস্তানায় তৈরি করা হয়।
