, | |

মূলপাতা আইন-আদালত

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে


রাকিবুল হাসান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১২ : পূর্বাহ্ণ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

আজ বৃহস্পতিবার রাতে ডিবিতে তাকে ডাকার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিই রাকিবুল হাসানকে ডেকেছে। কমিটিতে ডিবির একজন এবং ডিএমপি সদর দপ্তরের দুজন সদস্য রয়েছেন। ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে ভাইরাল হওয়া অডিওতে ওসি রাকিবুল হাসানের নামে প্রচারিত একটি কথোপকথনে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসেন, তবে তারা কিছুই করতে পারবে না।

অডিওতে আরও এক ব্যক্তিকে দাবি করতে শোনা যায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এ ছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও তাকে কথা বলতে শোনা যায়।

এই অডিও রেকর্ড ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে বুধবারই রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। পরবর্তীতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়, যেখানে আদেশের পেছনে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়েছিল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব বক্তব্যের বিষয়ে জানতে রাকিবুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: হাসিনার ফেরা নিয়ে যা আছে ‘ওসির ফাঁস হওয়া’ কল রেকর্ডে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর