, | |

মূলপাতা দেশজুড়ে

গভীর রাতে খাবার নিয়ে মানুষের দুয়ারে এমপি হানজালা


শিবচরের কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গভীর রাতে খাবার নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যান বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৩ : অপরাহ্ণ

রাত তখন প্রায় ১০টা। দিনের ব্যস্ততা শেষে অনেকেই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, তখন একটি পিকআপ নিয়ে শিবচরের কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরছিলেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। গাড়িতে ছিল খাবারের প্যাকেট। একে একে বিভিন্ন বাড়ির দরজায় গিয়ে খাবার পৌঁছে দেন তিনি।

সম্প্রতি রাতে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চালান মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য হানজালা। গভীর রাত পর্যন্ত চলা এ সময় তিনি শুধু খাবারই পৌঁছে দেননি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পারিবারিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন এবং নানা বিষয়ে তাদের কথা শুনেছেন।

নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা করার কথা বলেছিলেন হানজালা। তখন তিনি বলেছিলেন, ‘যদি এমপি হতে পারি, তাহলে দেখিয়ে দেব হযরত উমরের জামানা কেমন ছিল। আমি নিজে ঘরে ঘরে গিয়ে খাবার দিয়ে আসব, আমার কাছে আসতে হবে না।’

 

নির্বাচনী প্রচারণায় হযরত উমর (রা.)-এর শাসনব্যবস্থার উদাহরণ টেনে জনসেবার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এই উদ্যোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখছেন স্থানীয়রা। এমপির ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবি ও ভিডিওতে মধ্যরাতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে তার উপহার পৌঁছে দেওয়ার দৃশ্য উঠে আসে।

​উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কুতুবপুরের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা সমিরুন্নেছা। এমপির মাথায় হাত রেখে দোয়া করে তিনি বলেন, ‘আগে কখনো কোনো এমপিকে চোখেই দেখিনি, আর আজ নতুন এমপি নিজে খাবার নিয়ে আমার দুয়ারে হাজির। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন।’

সংসদ সদস্য হানজালার কর্মী ওমর ফারুক বলেন, ‘এটি কোনো প্রচারণামূলক কর্মসূচি ছিল না। এ বিষয়ে কাউকে জানানোও হয়নি। এমপি সাহেব কয়েকজন কর্মীকে সঙ্গে নিয়ে নিজ উদ্যোগে রাতে বের হন। এরপর বিভিন্ন বাড়িতে খাবার পৌঁছে দেন এবং মানুষের সঙ্গে কথা বলেন।’

নির্বাচনের কয়েক মাস পরই হানজালার এমন উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনা তৈরি করেছে। বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ছবি ও ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘আমি আমার নির্বাচনী ইশতেহারে দেওয়া সব কথাই একে একে রাখব, ইনশাআল্লাহ। আমাকে একটু সময় দিন।’

​উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে ‘রিকশা’ প্রতীক নিয়ে লড়ে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

আরও পড়ুন: তারেক রহমান কেন সাদা ও মোটা কাপড় পরেন, জানালেন চিফ হুইপ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর