ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে চলমান সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। আজ বৃহস্পতিবার রাত ৮টা ৬ মিনিটে বিরোধীদলের সদস্যরা ওয়াকআউট করে বেরিয়ে যান।
এদিন রাত ৮টার দিকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে দিনের কার্যসূচি আইযায়ী আইন প্রণয়নের কার্যাবলি শুরু হয়। এর পরপরই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাঁড়িয়ে কথা বলার অনুমতি চান।
পরে ডেপুটি স্পিকার অনুমতি দিলে বিরোধীদলীয় নেতা আপত্তি সত্ত্বেও সংবিধান সংশোধন কমিটি গঠন ইস্যু ছাড়াও জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোটের রায় বাস্তবায়নসহ বেশকিছু বিলের বিষয়ে আপত্তি তুলে ওয়াকআউটের ঘোষণা দেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় থাকতে কয়েকটি বিশেষ কমিটি গঠন প্রক্রিয়া অধিবেশনের শুরুতেই করা হচ্ছে। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল গণভোট রায় মেনে সংস্কার করা। কিন্তু সরকারি দল জুলাই জাতীয় সনদকে বাস্তবায়ন করা থেকে বিরত থাকতে ক্রমেই সময়ক্ষেপণ করছে। যার প্রতিবাদে বিরোধীদল ওয়াকআউটের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়। নিয়মানুযায়ী, গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে এগুলো সংসদে উপস্থাপন করা হয়। এগুলো অনুমোদন বা অননুমোদনের শেষ সময় ছিল ১০ এপ্রিল।
নির্ধারিত সময়ে ১৬টি অধ্যাদেশ বিল আকারে আনা হয়নি। ফলে এগুলো কার্যকারিতা হারায়। আর সাতটি অধ্যাদেশ রহিতকরণ বিলের মাধ্যমে বাতিল করা হয়।
গুম প্রতিরোধ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ যে ১৬ অধ্যাদেশ নির্ধারিত সময়ে বিল আকারে আনা হয়নি, সেগুলো আরও যাচাই-বাছাই করে নতুন বিল আনার কথা বলেছিল সরকার। এর একটি গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ।
অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত তিনটি অধ্যাদেশ রহিত করে ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন পুনঃপ্রচলনে এই সংসদের প্রথম অধিবেশনে বিল পাস করা হয়েছিল। তখন অধিকতর যাচাই-বাছাই করে মানবাধিকার কমিশন আইন আরও শক্তিশালী করার কথা বলেছিল সরকার।
এর মধ্যে ৩ আগস্ট গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া অনুমোদন করে মন্ত্রিসভা। জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়া অনুমোদন করা হয় ১০ আগস্ট। এই দুটি আইনের খসড়া অনুমোদন করার পর থেকে মানবাধিকারকর্মী, রাজনৈতিক দলসহ বিভিন্ন পক্ষ উদ্বেগ প্রকাশ করে। খসড়ার কিছু বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে।
আরও পড়ুন: সংসদে উত্তাপ, তোপের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী
