দেশের মাধ্যমিক শিক্ষাব্যবস্থায় বড় ধরনের ধসের চিত্র উঠে এসেছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে। এবার পাসের হার ও জিপিএ-৫-দুটিই কমেছে। ফলাফলে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
আজ সোমবার সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ করেন।
পরিসংখ্যান বলছে, এসএসসিতে পাসের এ হার ২০০৭ সালের পর এবার সবচেয়ে কম। ওই বছর (২০০৭ সাল) পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ। এরপর ১৯ বছরে আর কখনো পাসের হার এত নিচে নামেনি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ১৭ হাজার ৬৯৪ জন ছাত্র ও ৯ লাখ ১১ হাজার ৭৯১ জন ছাত্রী।
এর মধ্যে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন জন উত্তীর্ণ হয়েছে। ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন ছাত্র ও ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।
মাদ্রাসা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ৭ হাজার ৮৭ জন, অংশগ্রহণ করে ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন। এর মধ্যে উত্তীর্ণ ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ অকৃতকার্য ১ লাখ ৩২ হাজার ১৮৫ জন। আর পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
কারিগরি বোর্ডের অধীনে মোট ১ লাখ ৩৫ হাজার ১৭৯ জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন। এর মধ্যে উত্তীর্ণ ৭৪ হাজার ৪৭০ জন ও অকৃতকার্য হয় ৫৩ হাজার ৪৯৪ জন। আর পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।
সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
এবার এসএসসির মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৬৭ হাজার ৬১৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং অকৃতকার্য হয় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। সর্বমোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
ফলাফল দেখবেন যেভাবে
পরীক্ষার্থীরা স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এ ছাড়া যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এমএমএস পাঠানোর মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে এসএসসি <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ-এসএসসি ঢা ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
পুনর্নিরীক্ষণ আবেদন
ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে খাতা পুনর্নিরীক্ষণের (চ্যালেঞ্জ) আবেদন করতে পারবে। এ সংক্রান্ত নির্দেশিকা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।
কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি এসে ফলাফল পাওয়া যাবে না।
