, | |

মূলপাতা জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন ট্রাম্পের বিশেষ দূত


আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১ আগস্ট, ২০২৬ ১১:৩৪ : পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাত শেষে সার্জিও গর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসবেন। সফরের সময় তারা সম্ভাবনাময় বিভিন্ন খাত পর্যালোচনা করবেন এবং কোথায় বিনিয়োগের সুযোগ রয়েছে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করবেন।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্পের এই বিশেষ দূত। তিনি লেখেন, অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে উভয় দেশের সামনে থাকা বিস্তৃত সুযোগ-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাস্তব ও ইতিবাচক ফল অর্জন সম্ভব।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিশেষ দূত জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। শিগগিরই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে। সফরকালে তারা সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পরিদর্শন এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় আসেন সার্জিও গর। সফরের প্রথম দিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সার্জিও গর বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনা ‘দারুণ’ হয়েছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন সার্জিও গর। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক, কী আলোচনা হলো?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর