, | |

মূলপাতা রাজধানী

মতিঝিলে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই


ভুক্তভোগী ব্যবসায়ীকে রিকশাতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৭ জুন, ২০২৬ ৬:১৭ : অপরাহ্ণ

রাজধানীর মতিঝিলে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার বিকেল ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, তার ব্যাগে বৈদেশিক মুদ্রাসহ ৬০ লাখ টাকা ছিল। তবে পুলিশ বলছে, তার কাছে ১৭ লাখের মতো টাকা ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে মতিঝিল থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান।

ওসি জানান, ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। ঘটনাস্থল থেকে গুলির দুইটি খোসা উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, টাকাগুলো হুন্ডির হতে পারে। ভুক্তভোগীর সঙ্গে এখনো তাদের বিস্তারিত কথা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর মতিঝিলে জনতা ব্যাংক করপোরেট শাখার সামনে অজ্ঞাতনামা ছয়জন দুর্বৃত্ত তিনটি মোটরসাইকেলে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে তিন থেকে চার রাউন্ড গুলি করে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ হতে দেখা গেছে।

গোয়েন্দাদের ধারণা, ব্যাংক থেকে অর্থ উত্তোলনের তথ্য আগে থেকেই দুর্বৃত্ত চক্রের কাছে থাকতে পারে-এ ধরনের তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একাধিক গোয়েন্দা টিম কাজ করছে।

গোয়েন্দারা সন্দেহ করছেন, হামলাকারীরা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য এবং আগে থেকেই শাপলা চত্বর ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে ভিকটিমের গতিবিধি অনুসরণ করেছিল।

আরও পড়ুন: রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর ফাঁসির রায়

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর