যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার চলাকালে বাইরে গুলির ঘটনা ঘটেছে। গুলির শব্দ পাওয়ার পরপরই দ্রুতই ট্রাম্পকে হোটেল থেকে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউজের সাংবাদিক সমিতির নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী আটক ব্যক্তি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সের বাসিন্দা। তার নাম কোল টমাস অ্যালেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি পাওয়া গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, বাইরে গুলির শব্দ শোনা গেলে ট্রাম্পকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। বার্ষিক এই মিডিয়া ইভেন্ট শুরু হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি সেখানে আসন গ্রহণ করেন।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প এবং উপস্থিত অতিথিরা তাদের টেবিলের পেছনে আশ্রয় নেন এ সময় চারদিক থেকে ‘নিচে নেমে যান!’ এবং টেবিলের ‘নিচেই থাকুন!’ বলে চিৎকার শোনা যাচ্ছিল। এরপর সিক্রেট সার্ভিস এজেন্টরা ট্রাম্পকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেন এবং ভারী অস্ত্রে সজ্জিত এজেন্টরা টেবিলের চারপাশ ঘিরে ফেলেন।
ওয়াশিংটনে আল জাজিরার প্রযোজক ক্রিস শেরিডান জানিয়েছেন, তিনি বলরুমের বাইরে পাঁচটি গুলির শব্দ শুনতে পান। শেরিডান বলেন, ‘আমরা গানপাউডারের গন্ধ পাচ্ছিলাম। আমরা সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ি। শব্দটা ঠিক আমার পেছনেই হয়েছিল। কত ফুট দূরে ছিল তা বলতে পারছি না, তবে এটি অবশ্যই বলরুমের প্রবেশদ্বারের দরজার ঠিক বাইরে ছিল।’
ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে।
ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানিয়েছেন, তিনি, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের সকল সদস্য সুস্থ ও নিরাপদ আছেন। শিগগির তিনি হোয়াইট হাউস থেকে সংবাদ সম্মেলন করবেন।
ট্রাম্প বলেন, ‘আমরা আধা ঘণ্টার মধ্যে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি অনুষ্ঠানটির দায়িত্বে থাকা সব প্রতিনিধির সঙ্গে কথা বলেছি এবং আগামী ৩০ দিনের মধ্যে আমরা এটি পুনরায় আয়োজন করবো।’
ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তারা অত্যন্ত দ্রুত এবং সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। বন্দুকধারীকে আটক করা হয়েছে এবং আমি সুপারিশ করেছি, অনুষ্ঠানটি চলতে দেওয়া হোক। তবে আমি পুরোপুরি আইন প্রয়োগকারী সংস্থার সিদ্ধান্তের ওপর নির্ভর করছি। তারা শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।’
আরও পড়ুন: নিজের ক্যানসারের খবর দিলেন নেতানিয়াহু
