যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে এ-১০ ওয়ার্থগ মডেলের এই যুদ্ধবিমান আছড়ে পড়ে। তবে এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে কাত্তারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানি সামরিক বাহিনী জানায়, তারা একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে, যা পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়েছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এ-১০ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর পাইলট নিরাপদ আছেন।
এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।
এদিকে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ আছেন। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।
এ ঘটনার পর ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের ঘালিবাফ যুদ্ধে ট্রাম্পের বারবার বিজয়ের দাবিকে উপহাস করে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘‘টানা ৩৭ বার ইরানকে পরাজিত করার পর, তাদের শুরু করা এই ‘কৌশলহীন’ যুদ্ধ এখন রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তন থেকে অন্যদিকে ঘুরে গেছে!’’
তিনি ট্রাম্পকে উপহাস করে লেখেন, ‘হেই কেউ কি আমাদের পাইলটদের খুঁজে পাবেন? দয়া করে খুঁজে দেন?’
আরও পড়ুন: ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, পাইলটকে উদ্ধারে করতে যাওয়া হেলিকপ্টারে হামলা
