, | |

মূলপাতা আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠিন শর্ত


ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৫ মার্চ, ২০২৬ ১১:১৫ : পূর্বাহ্ণ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরান পাঁচটি কঠিন শর্ত উত্থাপন করেছে। হিব্রু সংবাদমাধ্যমগুলো গত সোমবার এই তথ্য প্রকাশ করেছে।

গত ফেব্রুয়ারি মাসের শেষদিক থেকে শুরু হওয়া এই সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান এই শর্তগুলো নির্ধারণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবেই এই দাবিগুলো উত্থাপন করেছে ইরান। মার্কিন প্রশাসন যখন শান্তি স্থাপনের পথে হাঁটার কথা বলছে, তখন তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, সুনির্দিষ্ট কিছু দাবি পূরণ ছাড়া তারা যুদ্ধ বন্ধ করবে না।

ইরানের উত্থাপিত ৫ শর্ত-
১. স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা: ইরানি কর্মকর্তারা সাফ জানিয়েছেন, কেবল সাময়িক বিরতি নয়, বরং যুদ্ধ যে আর নতুন করে শুরু হবে না—তার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

২. হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য এমন এক নতুন ব্যবস্থা দাবি করেছে তেহরান, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে।

৩. মার্কিন ঘাঁটি প্রত্যাহার: মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্থায়ীভাবে বন্ধ করার জোরালো দাবি জানিয়েছে ইরান।

৪. আর্থিক ক্ষতিপূরণ: যুদ্ধের কারণে ইরানের যে বিপুল পরিমাণ অবকাঠামোগত ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি।

৫. সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তেহরান বিরোধী অপপ্রচারে লিপ্ত সংবাদমাধ্যম ও কর্মীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। এমনকি শত্রুভাবাপন্ন ব্যক্তিদের ইরানের হাতে হস্তান্তরের দাবিও জানানো হয়েছে।

এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরেই তেহরানের সঙ্গে নিবিড় আলোচনায় লিপ্ত রয়েছে। তার মতে, ‘ইরান এবার আলোচনার বিষয়টিকে বেশ গুরুত্ব দিচ্ছে।’ তবে ইরানের এই পাঁচ কঠিন শর্ত ওয়াশিংটন ও তেল আবিব কতটা মেনে নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে বড় ধরনের সংশয় রয়ে গেছে। মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন এই ‘পাঁচ শর্ত’ আর রণক্ষেত্রের বাস্তবতার মাঝেই দুলছে।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, কী আছে এতে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর