জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার। এনসিপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিশেষ এই দিনটি ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’-এই স্লোগান সামনে রেখে উদযাপন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লব, বিকল্প, বিনির্মাণ-এই আদর্শ ধারণ করে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে এনসিপি। এ ছাড়া ১০ দিনের নানা কর্মসূচি গ্রহণ করেছে দলটি।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের হাত ধরে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ স্বপ্ন নিয়ে দলটির আত্মপ্রকাশ ঘটলেও প্রথম এক বছর পূর্ণ হওয়ার আগেই বড় ধরনের সাংগঠনিক ঝাকুনি খেয়েছে তারা। প্রতিষ্ঠালগ্নে ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও বছর ঘুরতেই সেই সংখ্যা নেমে এসেছে ১৭২ জনে।অর্থাৎ, এক বছরের ব্যবধানে কেন্দ্রীয় কমিটির অন্তত ৪৫ জন নেতা দল থেকে ঝরে পড়েছেন, যাদের কেউ পদত্যাগ করেছেন আবার কাউকে বহিষ্কার করা হয়েছে।
তৃণমূলের হিসাব ধরলে এই সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। জুলাই আন্দোলনে যুক্ত ব্যক্তিদের একটি অংশের মধ্যে তৈরি হওয়া মোহমুক্তি এবং নেতৃত্বের সঙ্গে আদর্শিক মতান্তরই এই বিদায়ের প্রধান কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে অভ্যন্তরীণ এই ভাঙন বা অস্থিরতাকে রাজনৈতিক দলের একটি স্বাভাবিক বিবর্তন হিসেবেই দেখছেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলামসহ অন্য নীতিনির্ধারকরা। সাংগঠনিক এই টানাপোড়েনের বিপরীতে এনসিপির ঝুড়িতে বড় অর্জন হিসেবে জমা হয়েছে প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়েই ছয়টি আসনে জয়লাভ করা। এটি নতুন দল হিসেবে তাদের জন্য একটি বিশাল মাইলফলক।
বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক পদে ১৫ জন, সদস্যসচিব ও যুগ্ম সদস্য সচিব পদে ২৬ জন এবং বিভিন্ন পর্যায়ে সংগঠক ও সমন্বয়ক হিসেবে আরও ৬৯ জন দায়িত্ব পালন করছেন। সংসদীয় রাজনীতিতে সফলভাবে যাত্রা শুরু করলেও আদর্শিক সংহতি রক্ষা এবং সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখাই এখন দ্বিতীয় বছরে পদার্পণ করা এনসিপির সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ।
২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি এনসিপির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরব ছিল দলটি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে এক বছরে রাজনৈতিক অঙ্গনে আলোচিত দলে পরিণত হয়েছে এনসিপি।
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
