, | |

মূলপাতা বিএনপি

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন জয়শঙ্কর


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৩১ ডিসেম্বর, ২০২৫ ১:৫৩ : অপরাহ্ণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। আজ বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

এদিকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। পাশাপাশি ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মাসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সাবেক এই প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজা: কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর