দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছান তিনি।
এসময় তিনি দলের শীর্ষ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। পরে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এসময় তারেক রহমানকে কিছুটা আবেগাপ্লুত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়।
এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান শেষবার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন।
এর আগে দুপুরে গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের ভিড়ের কারণে বাবার সমাধিতে আসতে দেরি হয় তার। দুপুর থেকেই তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন।
বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
গতকাল বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।
আরও পড়ুন: লাখো মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমান
