মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারাদেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় তাদের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন-আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
এর আগে সকালে এই সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল-২ এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে এ নিয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৯ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়।
তাদের বিরুদ্ধে জুলাই আগষ্টের আন্দোলন দমন ও হত্যাযজ্ঞসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ওবায়দুল কাদেরের উসকানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপীড়ন চালায় বলেও অভিযোগ আনা হয়। গত ৮ ডিসেম্বর এই সাতজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয় বলে জানিয়েছে প্রসিকিউশন।
আরও পড়ুন: নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য, কড়া বার্তা পররাষ্ট্র উপদেষ্টার
