, | |

মূলপাতা বিএনপি

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা রহমান


এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান।
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৫ ডিসেম্বর, ২০২৫ ২:০২ : অপরাহ্ণ

সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তিনি ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে আসেন।

জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়ার কাছে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন জুবাইদা রহমান। বেলা পৌনে ১১টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটটি ঢাকা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বেলা সাড়ে ১১টার দিকে জুবাইদা রহমান বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে সোজা হাসপাতালের উদ্দেশে রওনা হন।

জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তার শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি তদারকি করতে এবং তার লন্ডনযাত্রায় সঙ্গী হতে। প্রায় দীর্ঘ ১৭ বছর পর গত মে মাসে একবার খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। এবার অসুস্থ শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে এসেছেন তিনি।

উল্লেখ্য, চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কারিগরি সমস্যার কারণে আজ ঢাকায় আসতে পারেনি। যার কারণে খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে রোববারে চলে গিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, কাতার সরকার এখন নতুন করে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে। সেটি শরিবার ঢাকায় আসতে পারে। এছাড়া গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সম্ভাবনা আছে।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে কিডনি জটিলতা, হৃদরোগ ও নিউমোনিয়ায় তার অবস্থার আরও অবনতি হয়। ১ ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন: পিছিয়ে গেলো খালেদা জিয়ার লন্ডনযাত্রা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর