ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে করে তিনি দেশের উদ্দেশে রওনা করেন। এ সময় মা জুবাইদাকে বিদায় জানান মেয়ে জাইমা রহমান।
জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তার শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি তদারকি করতে এবং তার লন্ডনযাত্রায় সঙ্গী হতে। প্রায় দীর্ঘ ১৭ বছর পর গত মে মাসে একবার খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। এবার অসুস্থ শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে এসেছেন তিনি।
জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন।
এদিকে কারিগরি ত্রুটির কারণে কাতারের আমীরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না আজ শুক্রবার। সব ঠিক থাকলে এটি আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এ কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ লন্ডন নেওয়া হচ্ছে না। রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হতে পারে।
আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।
গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। পরে কিডনি জটিলতা, হৃদরোগ ও নিউমোনিয়ায় তার অবস্থার আরও অবনতি হয়। ১ ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: পিছিয়ে গেলো খালেদা জিয়ার লন্ডনযাত্রা
