ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ আদেশ দেন। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ১০ ডিসেম্বর দিন ধার্য করা হয়।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি এ মামলায় পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। পরে তা মঞ্জুর করেন আদালত।
এদিকে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ১০ ডিসেম্বর হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগে থেকেই তারা একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তবে সজীব ওয়াজেদ জয় বিদেশে অবস্থান করছেন।
এরআগে, সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পাশাপাশি সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্মেদ পলকের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
নিয়ম অনুযায়ী, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তের পর প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয় বা প্রসিকিউশনে দাখিল করে। পরে প্রসিকিউশন তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেয়। আজ আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার পর ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
আরও পড়ুন: হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছর কারাদণ্ড
