হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন।
আজ শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে জটিলতা ধরা পড়ে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
আজ বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টনে দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। তিনি দেশবাসীর কাছে দলীয় প্রধানের জন্য দোয়া কামনা করেন।
প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা।
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
