, | |

মূলপাতা বিএনপি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২৯ নভেম্বর, ২০২৫ ৩:১৭ : অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে পরিবার।

আজ শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

মাহাদী আমীন লিখেছেন, বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও তার চিকিৎসা পরিচালিত হচ্ছে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তারেক রহমানের এই উপদেষ্টা আরও জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা না থাকে, সে জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি পদক্ষেপ তদারকি করছেন তারেক রহমান।

মাহাদী আমীন জানান, খালেদা জিয়ার কিছুটা শারীরিক উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই মধ্যে লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে খালেদা জিয়া উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করেছিলেন। পাশাপাশি একটি সর্বাধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার উদ্যোগও চলছে।

 

তিনি আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হবে। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ভূমিকা রাখবেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে জটিলতা ধরা পড়ে। পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

আজ বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী খালেদা জিয়ার ‍সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়। নয়াপল্টনে দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। তিনি দেশবাসীর কাছে দলীয় প্রধানের জন্য দোয়া কামনা করেন।

প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তবে লন্ডন ক্লিনিকে ঝুঁকির কথা চিন্তা করে লিভার প্রতিস্থাপন করেননি চিকিৎসকরা।

আরও পড়ুন: সংকটাপন্ন খালেদা জিয়া, দেশে ফেরার বিষয়ে যা জানালেন তারেক রহমান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর