জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির চার সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার।
আজ শুক্রবার রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে উওরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম।
এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা কমিটি গঠনের কথাও জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী। সাধারণ সম্পাদক হয়েছেন আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল্লাহ।
আগামী সাত দিনের মধ্যে কেন্দ্র ও ঢাবির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ২৬ ফেব্রুয়ারি গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। কিন্তু আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর এই সংগঠন নাম পাল্টে হয়ে যায় ‘জাতীয় ছাত্রশক্তি’। জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।
ওইদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলন হয়। সেখানে ছাত্রসংগঠনটির নতুন এই নাম ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি।
আরও পড়ুন: নাম পাল্টে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেলো ‘জাতীয় ছাত্রশক্তি’
