, | |

মূলপাতা রাজধানী

শাহজালাল বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেভাবে


আজ দুপুর আড়াইটার দিকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে আগুন লাগে। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৮ অক্টোবর, ২০২৫ ৫:৪৩ : অপরাহ্ণ

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে (আমদানি করা পণ্যের মজুত স্থান) ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট কাজ করছে। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমানবন্দরের চারপাশে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। তারা জানান, হঠাৎ কার্গো ভিলেজ থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়। তারপর তা দাউ দাউ করে জ্বলতে থাকে।

বিমানবন্দরের ভেতরে অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানান, কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনের একটি অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের গুদামঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। এ সময় অনেকেই দৌড়ে বাইরে বের হয়ে আসেন। আগুন লাগার সময় বিমানবন্দরের আশপাশের এলাকায় তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়।

আগুনে বিভিন্ন কুরিয়ার কোম্পানি, এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং অফিস এবং বেসরকারি আমদানি-রফতানি প্রতিষ্ঠানের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

কার্গো ভিলেজে কর্মরত তারেকুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করে শেষ করে বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার ১০ মিনিট পরই কার্গো ভিলেজে আগুন লেগে যায়।’

বিমানবন্দরের সিঅ্যান্ডএফের (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এক কর্মচারী বলেন, ‘কার্গোর সকল কাপড়চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গেছে। সবকিছুই শেষ হয়ে গেছে। আগামী দুই-তিন মাস হয়তো আমরা কোনো কাজই করতে পারবো না।’

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমানবাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এদিকে আগুনকে কেন্দ্র করে অপ্রীতির ঘটনা এড়াতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা রয়েছেন।

আরও পড়ুন: ভয়াবহ আগুনে শাহজালাল বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর