, | |

মূলপাতা রাজধানী

বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা


রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৫ ৫:৪২ : অপরাহ্ণ

দাবি আদায় না হলে ও প্রজ্ঞাপন জারি না করলে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ অবরোধ ছেড়ে দেওয়ার আগে এ ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব শিক্ষক দেলাওয়ার হোসেন আজিজী।

জোটের সদস্য সচিব বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করব। আমরা এখন শহীদ মিনারের দিকে অবস্থান নেবো। কালকের মধ্যে যদি আমাদের তিন দফা দাবি না মানা হয়, তাহলে লংমার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হবো। দরকার হলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জাতীয়করণের এক দফা দাবি দেব। কিন্তু আমাদের দাবি মানতেই হবে।’

 

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। আজ চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা সাড়ে তিন ঘণ্টা শাহবাগ সড়ক অবরোধ করে রাখেন।

বিকেল ৫টার দিকে শাহবাগ ছেড়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা আবার শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন।

গত রোববার মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়ানো, চিকিৎসা ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের ৫০ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। সেদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। একই সঙ্গে তাঁদের লাঠিপেটা করা হয়। এতে আহত হন কয়েকজন শিক্ষক।

গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়িয়েছে সরকার। তবে গত ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে এলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন।

এরপর গত ৬ অক্টোবর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। শিক্ষকরা মাসিক সাড়ে ১২হাজার টাকা বেতন, এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সম্প্রতি, অর্থ মন্ত্রণালয় বাড়ি ভাড়া ৫০০ টাকা বাড়িছে।

বর্তমানে, দেশে ২৬ হাজারের বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৩ লাখ ৮০ হাজারের বেশি শিক্ষক ও ১ লাখ ৭০ হাজারের বেশি কর্মচারী রয়েছেন।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর