কয়েক দিন আগে দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লার কথার লড়াই দেখেছিলো দেশবাসী। সেই তিক্ততা ভুলে নিজ শহরে হাসনাতকে পেয়ে তার জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা। হাসনাতও তিক্ততা সরিয়ে সেই উপহার সাদরে গ্রহণ করেছেন। এর মাধ্যমে দুই নেতার তিক্ততার সম্পর্ক এখন হৃদ্যতায় পরিণত হয়েছে।
গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত ‘নতুন সংবিধান’ বিষয়ক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি, ওনি ওনার লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কি না। আমাদের জন্য কিছু উপহারও পাঠিয়েছেন।’
এই এনসিপি নেতা বলেন, ‘এটা আমাদের জন্য পজিটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম করা উচিত।’
গত ২৪ আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার অনুসারীরা এনসিপির এক নেতাকে মারধর করে। বিএনপির এই নেত্রী নিজে নির্দেশ দিয়ে এই ঘটনা ঘটান বলে দাবি করে এনসিপি।
সেদিনই নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলে কটাক্ষ করেন হাসনাত। এছাড়া রুমিন ফারহানা আওয়ামী লীগের থেকে সবরকম সুযোগ-সুবিধা নিয়েছেন বলেও দাবি করেন তিনি। পতিত সরকারের কাছে রুমিন ফারহানা প্লটের আবেদন করেছিলেন, সে কথাও উল্লেখ করেন হাসনাত।
এর প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহকে ‘ডাকাতের মতো’ দেখায় বলে কটাক্ষ করেন রুমিন ফারহানা। এছাড়া তাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে গালি দিয়ে ফেসবুক পোস্ট করেন। তুলে ধরেন ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততার কথা।
টকশোতেও এ দুই নেতার পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। অবশেষে তাদের বিরোধের বরফ গলতে শুরু করেছে।
আরও পড়ুন: হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা
