, | |

মূলপাতা রাজধানী

প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে শেখ হাসিনার ‘পলায়ন ক্ষণ’ উদযাপন


রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়ন ক্ষণ’ উদযাপন করা হয়।
প্রকাশের সময় :৫ আগস্ট, ২০২৫ ৪:৩২ : অপরাহ্ণ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলায়ন ক্ষণ’ উদযাপন করেছে ছাত্র-জনতা।

আজ মঙ্গলবার বেলা ২টা ২৫ মিনিটে ‘৩৬ জুলাই উদযাপন’ অনুষ্ঠানে প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ ওড়ানোর মাধ্যমে এ উদযাপন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজক সংস্কৃতি মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে উপস্থিত ছাত্র-জনতা ‘কথায় কথায় বাংলা ছাড়া, বাংলা কি তোর বাপ দাদার’, ‘পালায়ছে রে, পালায়ছে, খুনি হাসিনা পালায়ছে’, ‘এই মাত্র খবর এলো, খুনি হাসিনা পালিয়ে গেলো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এরপর বিভিন্ন ব্যান্ডের গান পরিবেশ শুরু হয়। গানে গানে জুলাই উদযাপন চলছে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এদিন দুপুর সোয়া ১২টার দিকে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ জুলাই উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা দেখা যায়। এছাড়া অনেকে মাথায় জাতীয় পতাকা বেঁধে এই উদযাপনে অংশ নিয়েছেন। অনুষ্ঠান শুরুর আগে দেখা যায়, অনেকে নানা স্লোগান দিচ্ছেন।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশেষ ড্রোন ড্রামা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে আর্টসেলের গান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন।

প্রসঙ্গত, ‎ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি স্মরণীয় করে রাখতে হেলিকপ্টার আকৃতির শতাধিক বেলুন ওড়ানো হয়।

শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

আরও পড়ুন: মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ১০

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর