, | |

মূলপাতা বিএনপি

তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক: তারেক রহমান


প্রকাশের সময় :৩ আগস্ট, ২০২৫ ৬:১৭ : অপরাহ্ণ

নতুন চার কোটি ভোটারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।

এই বার্তা দেশবাসী ও নতুন ভোটার যারা তাদের সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ রোববার রাজধানীর শাহবাগে ছাত্র-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল।

সারাদেশ থেকে আসা ছাত্রদলের নেতা-কর্মীদের পদচারণায় শাহবাগের চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ছাত্রদলের নাম ও লোগোযুক্ত ব্যান্ড পরে সমাবেশে যোগ দেন।

সমাবেশে তারেক রহমান বলেন, ‘‘আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটের অধিকার ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। দেশের সব শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রতি আমার একটি আহ্বান থাকবে। তা হলো-‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক’। এই আহ্বান ছড়িয়ে দাও সারা দেশে। ভবিষ্যৎ প্রজন্ম ও নতুন ভোটারদের কাছে আমার আহ্বান ছড়িয়ে দাও।’’

 

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিবাদ মুক্তি বাংলাদেশ তোমরাই তোমাদের অধিকার প্রতিষ্ঠা করবে। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তোমাদের সঙ্গে আছে। আগামীতেও থাকবে।’

তারেক রহমান বলেন, ‘গত দেড় দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে। এসময় হামলা-মামলা, নির্যাতন, গুমের শিকার হয়েছে। নিষ্ঠুর নির্মমতা চালিয়েও ছাত্রদলকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট হাসিনা।’

সমাবেশে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। পাশের দেশ থেকে হাসিনা মাঝে মাঝেই হুমকি দিচ্ছে। আজকের সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে—আমরা কোনো দিনই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না। শপথ নিতে হবে-আমরা কারও কাছে মাথা নত করবো না।’

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, ‘ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই। দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, আমরা চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারি।’

আরও পড়ুন: ৫ বা ৮ আগস্ট নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন প্রধান উপদেষ্টা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর