হিটলার (জার্মানির স্বৈরশাসক) বেঁচে থাকলে হয়তো শেখ হাসিনার কাছে মিথ্যার পিএইচডি করতে আসতেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাসিনাসহ তিন আসামির শুনানি শুরু হওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই শুনানি শুরু হয়।
অ্যাটর্নি জেনারেল বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর নিকৃষ্টতম মিথ্যাবাদী স্বৈরাচার।
আসাদুজ্জামান বলেন, পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে পতিত হাসিনার কাছে শিখতে হবে। মিথ্যার পিএইচডি করার জন্য হিটলার বেঁচে থাকলে হয়তো শেখ হাসিনার কাছে আসতেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম-খুন চাঁদাবাজি, টাকা পাচার করা হয়েছে। আর এর বিরুদ্ধেই ছিল বৈষম্যবিরোধী জুলাই আন্দোলন। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই।
এর আগে, গত ১০ জুলাই এ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন ১ হাজার ৪০০ জন ছাত্র-জনতাকে হত্যা, হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: আ.লীগ সরকারের গোমর ফাঁস করে দিলেন সাবেক আইজিপি মামুন
