সাত দিনের লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে রাজধানীর নিউমার্কেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এতে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষেরা। পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নেয়ার অনুরোধ জানালে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
আজ রোববার (৪ এপ্রিল) বিকেল তিনটার দিকে নিউমার্কেটের সামনে থেকে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রিমা সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, নূর ম্যানশন, ধানমণ্ডি হকার্স মার্কেটসহ আশেপাশের মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ব্যবসায়ীরা ‘লকডাউন মানি না, মার্কেট খোলা চাই’ স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়লে পুলিশ পিছু হটে ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ৫টি প্রাইভেটকার ও একটি বাসের কাঁচ ভেঙে দেন।
বিক্ষোভকারী ব্যবসায়ীরা বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে বইমেলা খোলা রাখলেও মার্কেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে তারা বিক্ষোভ করছেন।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলী বলেন, প্রাথমিক অবস্থায় আমরা ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করেছি। মার্কেটের নেতাদের সঙ্গে আলোচনা করে পরে পদক্ষেপ নেয়া হবে।
এর আগে শনিবার (৩ এপ্রিল) রোজা ও ঈদ সামনে রেখে লকডাউনের এক সপ্তাহ ৪ ঘণ্টার জন্য দোকান খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি।
