, | |

মূলপাতা আইন-আদালত

শেখ মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন, আদালতকে আউয়াল


আদালতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
প্রকাশের সময় :২৬ জুন, ২০২৫ ৫:৩৭ : অপরাহ্ণ

‘শেখ মুজিবের মতো নেতাও নির্বাচনে কারচুপি করেছেন’ বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশনের অসহায়ত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া আগামী ১ হাজার বছরেও এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রাষ্ট্রদ্রোহ ও অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলা দায়ের করে বিএনপি।

আদালতে হাবিবুল আউয়াল প্রশ্ন রেখে বলেন, ‘বাংলাদেশের কোন নির্বাচন বিতর্কিত হয়নি? ১৯৭২-এর ডিসেম্বরে সংবিধান রচনার তিন মাস পর ৭৩-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ মুজিবের মতো নেতা নির্বাচনে কারচুপি করেছেন। শেখ মুজিবও ক্ষমতার লোভ সামলাতে পারেননি।’

 

পরে আসামিকে উদ্দেশ করে আদালত বলেন, ‘আপনার কাছে জাতির প্রত্যাশা ছিল অনেক। কিন্তু বিতর্কমুক্ত নির্বাচন করতে পারেননি।’

এ সময় হাবিবুল আউয়াল বলেন, ‘স্বীকার করছি, আমি ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি।’

আদালত বলেন, সাধারণত নির্বাচনি কর্মকর্তাদের ২০-২৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো। কিন্তু এ নির্বাচনে ৪-৫ লাখ টাকা করে দেওয়া হয়। এমনটি হওয়ার কারণ কী?

এ প্রশ্নের জবাবে নিজের দায় এড়িয়ে যান কাজী হাবিবুল আউয়াল। রাতের বেলার ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন রাতের বেলায় ভোট হয়, তখন আমি গভীর নিদ্রায় নিমগ্ন।’

এ সময় তার দীর্ঘ বক্তব্যে বিরক্তি প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। এসময় হাবিবুল আউয়াল বলেন, ‘জাস্টিফাই করার সুযোগ না দিলে একটা জীবনকে মেরে ফেলেন।’

পরে পাবলিক প্রসিকিউটর বলেন ‘এখানে সাধু সাজার সুযোগ নেই। আপনার নিজের অপরাধ ঢাকার সুযোগ নেই। অন্যরা অন্যায় করেছে এসব না বলে আপনি কি করেছেন সেটা বলেন। এ সময় পাশ থেকে এক আইনজীবী বলে ওঠেন- ‘এতগুলো ছেলে-মেয়ে মারা গেছে আপনার জন্য।’ এর উত্তরে হাবিবুল আউয়াল পালটা প্রশ্ন করেন- ‘আমার জন্য এতগুলো ছেলে-মেয়ে মারা গেছে?’

এদিন রিমান্ড শুনানিকালে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘‘২০২৪ সালের ডামি নির্বাচনের আগে তিনি (আসামি) শেখ হাসিনাকে বলেন, ‘সমস্যা নেই। আমি আপনাকে বিজয়ী ঘোষণা করে দেবো। আর আপনি যে টাকা দেবেন, তা পকেটে ঢুকিয়ে নেবো।’’

আরও পড়ুন: সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেপ্তার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর