, | |

মূলপাতা রাজধানী

উত্তরায় ফিল্মি স্টাইলে র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের কোটি টাকা ছিনতাই


র‍্যাবের কালো জ্যাকেট পরিহিত দুর্বৃত্তরা নগদ এজেন্ট প্রতিনিধিদের কাছ থেকে টাকা ছিনতাই করছে। ফুটেজ ছবি
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :১৪ জুন, ২০২৫ ৩:০৯ : অপরাহ্ণ

রাজধানীর উত্তরায় অনেকটা ফিল্মি স্টাইলে র‌্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে ১ কোটি ৮ লাখ ৪৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তরা ছিনতাই কাজে ব্যবহার করেছে কালো রঙের মাইক্রোবাস। এসময় তারা সবাই র‌্যাবের কালো জ্যাকেট পরিহিত ছিল এবং পেছনে ‘র‌্যাব’ লেখা ছিল।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সকালে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাস প্রথমে তাদের গতিরোধ করে। এর মধ্যে কয়েক ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেয়। এসময় টাকার ব্যাগ নিয়ে একজন দৌড়ে পালাতে গেলে তাকে ধাওয়া দিয়ে ধরে কালো মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। পরে দুর্বৃত্তরা নগদ প্রতিনিধিদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে তাদেরকে উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ কোটি টাকার বেশি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে মাঠে অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধিদল রওনা দিয়েছিল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের প্রতিনিধিদের গাড়িতে তুলে নেওয়া হয়। পরে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কালো রঙের একটি মাইক্রোবাসে কয়েকজনকে জোরপূর্বক তোলার চেষ্টা করছেন। এদের মধ্যে একজন ভুক্তভোগী তার সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে অন্যত্র দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে তার পিছু নেয় চারজন। তারা তাকে ধরে টাকার ব্যাগসহ কালো গাড়িতে তুলে নেয়। এরপর গাড়ির দরজা আটকে ঘটনাস্থল ত্যাগ করে।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা অপরাধী শনাক্তে কাজ করছি। প্রাথমিকভাবে মনে হয়েছে সেখানে র‌্যাবের কেউ ছিল না; অপরাধ ঘটনাতে তারা র‌্যাব লেখা জ্যাকেট ব্যবহার করেছে।’

এ ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসের নাম্বার ও সিসিটিভি ফুটে সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ। এখন পর্যন্ত (বিকেল ৩টা) মামলা দায়ের না হলেও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি নগদ এজেন্টের ওই টাকা বহনকারীর চার প্রতিনিধিকে হেফাজতে নিয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মহিদুল ইসলাম বলেন, ঘটনার প্রত্যক্ষ চারজনকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছিনতাই হওয়া টাকার পরিমাণ সম্পর্কে তারা জানিয়েছেন, দুটি মোটরসাইকেলে করে টাকা আনা হচ্ছিল। এক মোটরসাইকেলে ছিল ১ কোটি ৮ লাখ ৪২ হাজার। ওমর হোসেন জানিয়েছেন, যে তিনি যে ব্যাগ নিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন তাতে এক লাখের কিছু বেশি টাকা ছিল।

আরও পড়ুন: এবার লন্ডনে প্রকাশ্যে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর