, | |

মূলপাতা বিএনপি

উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ চাইলো বিএনপি


আজ রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি প্রতিনিধি দল।
প্রকাশের সময় :২৪ মে, ২০২৫ ৯:১২ : অপরাহ্ণ

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানসহ ৩ উপদেষ্টার পদত্যাগের দাবিতে অনড় বিএনপি।

আজ শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে সেই দাবি আবারও জানিয়েছে দলটি।

রাত পৌনে ৯টার মিনিটে বৈঠক শেষে যমুনা থেকে বেরিয়ে বিএনপির প্রতিনিধি দল সাংবাদিকদের সামনে দলের এই অবস্থান তুলে ধরেন।

৪ সদস্যের বিএনপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে প্রথম থেকেই একটি সুস্পস্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে বিএনপি। সুষ্ঠু নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।

 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী পারিবারিক, রাজনৈতিক ও ব্যাক্তিগতভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এজন্য আওয়ামী লীগের বিচারের দাবি সবচেয়ে বেশি বিএনপির। এই বিচারপ্রক্রিয়া কোনভাবে অসম্পন্ন থেকে গেলে বিএনপি সরকারের দায়িত্বে যাওয়ার পর স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা পরিপূর্ণভাবে সম্পন্ন করবে।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তবর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যেকোন উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়দায়িত্ব তখন বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্নক সহযোগিতা করে যাচ্ছে।

ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’-সব কিছু মিলিয়ে রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে আগের দিন এ বৈঠক ডাকা হয়েছিল।

বিএনপির পর রাতে জামায়াতে ইসলামী এবং এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি, রয়েছে কড়া বার্তা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর