মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর ধানমন্ডি থেকে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সংগীত শিল্পী মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০৯ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। জেলার সিঙ্গাইরে প্রায় এক যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায়ও মমতাজের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি।
২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন শিল্পী মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে জাতীয় সংসদে গান গেয়ে মমতাজ বেগম বিভিন্ন সময় আলোচনা-সমালোচনার জন্ম দেন।
জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে মমতাজ নিজ এলাকায় তেমন যেতেন না। এছাড়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও তেমন সরব ছিলেন না। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে।
আরও পড়ুন: শেখ মুজিব, হাসিনা ও কাদেরের নামে শাহবাগে গরু-ছাগল জবাই
