, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ শুরু


প্রকাশের সময় :১০ মে, ২০২৫ ১০:১৫ : অপরাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়ায় ‘মার্চ টু যমুনা’ (অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন) শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে শাহবাগের গণজমায়েত থেকে হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, যেহেতু আগের দেওয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা।

হাসনাতের এই ঘোষণার পরপর শাহবাগে অবস্থান করা জমায়েত যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগোতে থাকেন।

এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এক ঘণ্টার মধ্যে সুস্পষ্ট রোডম্যাপ চেয়ে সময়সীমা বেঁধে দেন হাসনাত আবদুল্লাহ।

ওই সময় তিনি বলেছিলেন, এক ঘণ্টার মধ্যে রোডম্যাপ না পেলে ‘মার্চ টু যমুনা’ ঘোষণা করা হবে।

হাসনাত আবদুল্লাহ তখন আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো রোডম্যাপ পাওয়া যায়নি। এক ঘণ্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না আসে, মার্চ টু যমুনা কর্মসূচি করা হবে। এক ঘণ্টা পর শাহবাগ থেকে বাংলামোটরের যে রাস্তাটা রয়েছে সেটা দখল করা হবে। সেটার কেন্দ্র হবে রাজসিক মোড়।

এনসিপি দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।’

এই ঘোষণার পর যমুনার অদূরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় ব্যারিকেড দিয়ে নিরাপত্তা জোরদার করেছে।

আরও পড়ুন: দেশের ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না: মির্জা ফখরুল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর