নাশকতা ও সন্দেহজনক লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সহিংসতার জেরে জেলাটিতে ট্রেন চলাচল ও থানার কার্যক্রম বন্ধ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বরাদ্দ ছাড়ও স্থগিত রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সহিংসতার জেরে এসব সেবা ব্যাহত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে টাকা লেনদেন, পুলিশের সহায়তা পাওয়া এবং স্বল্প খরচে যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, গত বুধবার রাতে সরকারের নির্দেশনার পর গোপালগঞ্জে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। নাম প্রকাশ না করার শর্তে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সরকারের নির্দেশনা পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের দাবি, পুলিশ তদন্তে দেখেছে সাম্প্রতিক সময়ে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জে অস্বাভাবিক পরিমাণে অর্থ লেনদেন হয়েছে এবং গ্রেপ্তার এড়াতে বিভিন্ন জেলার মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে; ভবিষ্যতে কর্মসূচি বাস্তবায়নে অর্থ যাওয়ার আশঙ্কায় সাময়িকভাবে এই সেবা বন্ধ রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, আইন অনুযায়ী সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে এমএফএস প্রতিষ্ঠানগুলো হিসাব বন্ধ করতে পারে এবং সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ এলাকার কিছু হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশি সন্দেহজনক লেনদেন হওয়ায় সেগুলো বন্ধ করা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সেবা পুনরায় চালুর কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আজ বৃহস্পতিবার থেকে বিকাশ, নগদ ও রকেটের অনেক ব্যক্তিগত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় গোপালগঞ্জ শহরের বিভিন্ন এজেন্টের দোকানে গ্রাহকদের ভিড় দেখা যায়। টাকা তুলতে, পাঠাতে ও জরুরি লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
গত ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়ে পুলিশের সাঁজোয়া যানে আগুন, পুলিশ বক্স ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর এবং তিনজন বিএনপি সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ রয়েছে। এরপর ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা ও ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হলে ওই দুই থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে পুলিশের সেবা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। জানমালের নিরাপত্তায় পুলিশের সহায়তা না পেয়ে উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আপাতত গোপালগঞ্জ সদর থানা থেকে কার্যক্রম পরিচালিত হলেও থানা দুটি পুনরায় চালু করতে আরও সময় লাগবে।
গোপালগঞ্জ-ঢাকা ও গোপালগঞ্জ-রাজশাহী রুটে দীর্ঘদিন ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে নাগাদ এসব রুটে ট্রেন চলাচল শুরু হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে নিয়মিত যাতায়াতকারী হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। স্বল্প খরচে ও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জন্য নির্ধারিত চার কিস্তির বরাদ্দের মধ্যে গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ মেয়াদের তৃতীয় কিস্তির অর্থ এখনই ছাড় করা হবে না।







