প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরের কথা ছিল পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানির। সফরের সব প্রস্তুতি সম্পন্ন হলেও সরকারি অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। তবে তার বাংলাদেশ সফরের সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। আগামী শুক্রবার এক দিনের জন্য হলেও তিনি ঢাকায় আসতে পারেন। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন সফর সমন্বয়ক শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ।
আজ রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুফতি সাঈদ জানান, মুফতি তাকি উসমানির রোববারের ফ্লাইট বাতিল হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের আগে করাচি থেকে ঢাকাগামী আর কোনো ফ্লাইট নেই। এ কারণে শুক্রবারের আগে তাঁর বাংলাদেশে আসার সুযোগ নেই। সরকার অনুমতি দিলে শুক্রবারের ফ্লাইটে তিনি আসতে পারেন। যদিও এই সম্ভাবনা খুবই ক্ষীণ।
সফরের সময়সূচি পরিবর্তন করাও সহজ নয় বলে জানান মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি বলেন, মুফতি তাকি উসমানির পরবর্তী কর্মসূচি মালয়েশিয়ায় নির্ধারিত রয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তাঁর আগে থেকেই কর্মসূচি ঠিক করা আছে।
তবে সুযোগ তৈরি হলে এবং মুফতি তাকি উসমানির শারীরিক অবস্থা ভালো থাকলে শুক্রবার এক দিনের জন্য হলেও তাকে বাংলাদেশে পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় মুফতি তাকি উসমানির সাক্ষাৎপ্রত্যাশী ও ভক্তদের কাছে দোয়া কামনা করেন সফর সমন্বয়ক।
উল্লেখ্য, আজ ভোরে ঢাকায় আসার কথা ছিল মুফতি তাকি উসমানির। তবে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় সরকার তাকে সফরের অনুমতি দেয়নি। স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফরটিকে ঝুঁকিপূর্ণ মনে করায় শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়।
আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে কাড়ি কাড়ি টাকা, এবার মিললো ১৮ কোটি ২১ লাখ







