, | |

মূলপাতা জাতীয়

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আন্তর্জাতিক আদালতের রায়


মিয়ানমারের রাখাইনে সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। পুরোনো ছবি
রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২৬ ৫:৪৬ : অপরাহ্ণ

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ২০১৬-১৭ সালে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে ঐতিহাসিক রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

নেদারল্যান্ডসের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে এ রায় দেওয়া হয়।

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে নয়জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেছেন। তবে হেগের আন্তর্জাতিক বিচার আদালতের ছয়জন বিচারক এর বিপক্ষে রায় দিয়েছেন।

আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘আদালত সম্পূর্ণভাবে নিশ্চিত যে, মিয়ানমার গণহত্যা সনদের আওতাভুক্ত অপরাধ সংঘটিত করেছে। দেশটিতে বসবাসকারী রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড চালানো হয়েছিল।’

আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে রাষ্ট্রের গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে সংঘটিত গণহত্যার অভিযোগ মোকাবিলায় ভবিষ্যতের বিচারিক সিদ্ধান্তের ক্ষেত্রেও এটি নজির হয়ে থাকবে।

২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়। তাদের সঙ্গে আসা প্রত্যক্ষদর্শীরা গণহত্যা, নারী ও শিশুদের ওপর নির্যাতন, দলবদ্ধ ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়ার ভয়াবহ বর্ণনা দিয়েছেন।

প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ
২০১৭ সালের আগস্টে রাখাইনে শুরু হওয়া সামরিক অভিযানে নির্বিচার হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও শিশুদের ওপর চরম নৃশংসতার প্রমাণ পেয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার যে হিসাব উপস্থাপন করা হয়েছে, সাক্ষ্যপ্রমাণ তা সমর্থন করে।

এ ছাড়া নিরাপত্তা বাহিনী ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম নির্যাতন করেছে এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে যৌন সহিংসতার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির পক্ষ থেকে বিচার চাওয়া হয়। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি করা হয়েছিল।

গাম্বিয়ার অভিযোগ ছিল, রাখাইনে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতা চালানো হয়েছে। মানুষ যখন প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছিল, তখন তাদের লক্ষ্য করে গুলি চালানো এবং তাদের ফিরে আসার পথ বন্ধ করে দেয়ার মতো ঘটনাও গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করে।

গত জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সাক্ষ্য গ্রহণ করে। কক্সবাজারের শরণার্থীশিবির থেকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হেগে গিয়ে আদালতে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বর্তমানে বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে।

অন্যদিকে বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে ৬ লাখেরও কম রোহিঙ্গা অবশিষ্ট রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা দ্য গার্ডিয়ানকে তোলা তুলি গ্রামের গণহত্যার বর্ণনা দিয়েছিলেন।

রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, সেখানে বেসামরিক মানুষকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা, গণকবর তৈরি এবং শিশুদের নদীতে ডুবিয়ে মারার ঘটনা ঘটেছিল। পরে স্যাটেলাইট চিত্রে গ্রামটি পুড়িয়ে দেয়ার প্রমাণও পাওয়া যায়। মানবাধিকার তদন্তকারীদের কাছে এসব ঘটনা গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে ওঠে।

এদিকে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) গেরিলাধাঁচের হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযান। তবে আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মিয়ানমারের এই অবস্থানের বিপরীতে গণহত্যার দায় নির্ধারণ করেছেন।

২০১৬-১৭ সালের অভিযানের সময় সামরিক বাহিনীর নেতৃত্বে ছিলেন মিন অং হ্লাইং। ২০২১ সালে তিনি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থান ঘটান। এর পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে, যাতে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। চলতি বছরের এপ্রিলে তিনি বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতেও মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন রয়েছে। তবে আইসিসি ব্যক্তির অপরাধের বিচার করে, আর আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রের আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে।

আন্তর্জাতিক বিচার আদালতের রায় আইনগতভাবে বাধ্যতামূলক হলেও তা কার্যকর করার নিজস্ব শক্তিশালী ব্যবস্থা নেই। তবে এ ধরনের রায়ের কূটনৈতিক গুরুত্ব রয়েছে এবং এর ভিত্তিতে নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্র তৈরি হতে পারে।

আরও পড়ুন: প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

Rajniti Sangbad


আরও খবর