পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় থামিয়ে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক চালকের সহকারী (হেলপার) মারা গেছেন।
আজ বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।
মৃত হেলপারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ‘বাহক’ ও ‘লিসা’ নামের দুটি বাসে রাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় আগুনে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার সিয়ামের মৃত্যু হয়। পরে আগুন দেখে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ‘বাহক’ নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে এসে বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
জানা গেছে, ‘লিসা’ পরিবহন নামের এই গাড়ির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক গাড়ির মালিক ঝালকাঠির অমিত পাল।
ভান্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান বলেন, ভোররাতে থামিয়ে রাখা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা একজনের মৃত্যু হয়েছে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় আবার ছাত্রলীগের তাণ্ডব, থানা ও এমপির বাড়িতে অগ্নিসংযোগ







