, | |

মূলপাতা রাজধানী

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান ডিবি হেফাজতে


রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে বের হওয়ার সময় ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :৪ নভেম্বর, ২০২৬ ৪:৪২ : অপরাহ্ণ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এ সময় ডিবিসিরক্রাইম চিফ রিপোর্টার রাজীব ঘোষকেও নিয়ে যায় পুলিশ।

আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর বেসরকারি টিলিভিশন ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। পরে ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আখতার হোসেন বলেন, একটি নিউজ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই পরিস্থিতির প্রেক্ষিতে ডিবি পুলিশ বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, তাদের নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেপ্তার করা হয়নি।

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল ইকবাল সোবহান চৌধুরীকে। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে কী কারণে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ওই বছরের সেপ্টেম্বরে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে তাকে জাতীয় প্রেস ক্লাবে দেখা যায়।

দীর্ঘ সাংবাদিকতা জীবনে ইকবাল সোবহান চৌধুরী দেশের সাংবাদিক সংগঠনগুলোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।

 

সাংবাদিকতার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ফেনী-২ আসন থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে ওই নির্বাচনে জয়ী হতে পারেননি। পরবর্তী সময়ে শেখ হাসিনার সরকারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: এসআরবি থেকে আহসান হাবীবকে বদলি, নতুন ডিজি ফারুক আহমেদ

Rajniti Sangbad


আরও খবর