বোয়িংয়ের পর এবার ফ্রান্সের এয়ারবাস কোম্পানির ১০টি উড়োজাহাজ কিনতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়।
চুক্তির আওতায় চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের পাশাপাশি আন্তর্জাতিক রুটে সক্ষমতা বাড়াতে ২.১ বিলিয়ন ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা) ব্যয়ে উড়োজাহাজগুলো কেনার চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ারবাসের এই চুক্তি বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বিমানকে একটি আধুনিক এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠাই লক্ষ্য।’
বিমান মন্ত্রী এয়ারবাসের কাছে নির্ধারিত সময়ের আগেই অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের অনুরোধ জানান। ২০৩০ সালের আগেই একটি উড়োজাহাজ হাতে পেলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী চাহিদা পূরণে তা দ্রুত কাজে লাগানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ বলেন, উড়োজাহাজ কেনার সিদ্ধান্তটি হুট করে নেওয়া হয়নি। পরিচালনা পর্ষদের নির্দেশনায় স্বাধীন বিশেষজ্ঞদের মতামত এবং বিমানের আর্থিক কৌশল পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট যুরগেন ওয়েস্টারমেয়ার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং বিশাল প্রবাসী জনগোষ্ঠীর কারণে দেশটির এভিয়েশন খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা ব্যাপক। ঢাকা থেকে বিশ্বের ১০টি প্রধান শহরে বছরে সাত লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। তিনি বলেন, এ৩৫০-৯০০ দিয়ে ইউরোপ, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো দীর্ঘপথের বাজারে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে। আর এ৩২১নিও দিয়ে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে নেটওয়ার্ক সম্প্রসারণ সহজ হবে।
উল্লেখ্য, বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ১৯টি। নতুন করে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বহরের সংখ্যা দাঁড়াবে ৫৪টিতে।
আরও পড়ুন: দিল্লি গিয়ে মোদির সঙ্গে বৈঠক, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী
