ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে ফোরামের সহসভাপতি ও ব্যবসায়ী মোতাছিম বিল্লাহসহ অনেকে আহত হয়েছেন।
আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের নিয়োগ নিয়ে এস আলম গ্রুপের হস্তক্ষেপের প্রতিবাদে ফোরামের এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি ঘিরে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে প্রথমে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। এ সময় তাদের ধাওয়া-পাল্টাধাওয়া করতেও দেখা যায়। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিকের দাবি, কর্মসূচি শুরুর পর আগে থেকে অবস্থান নেওয়া অবৈধ নিয়োগে চাকরিচ্যুত সাবেক কর্মীরা ও এস আলম গ্রুপের অনুসারীরা গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ওপর হামলা চালান। এতে তাদের অন্তত ২৫ জন আহত হন। পরে আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।
নুর নবী মানিকের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই গ্রাহক ফোরামের সদস্যদের টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হলেও পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। তিনি হামলার ছবি ও ভিডিও ফুটেজ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এ বিষয়ে চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: ‘পৃথিবীতে এস আলমের মতো কেউ ব্যাংক ডাকাতি করেনি’
