গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারদের নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। আগামী রোববার এই কর্মসূচি পালন করবে জোটটি।
আজ বুধবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, দেশে যে দুর্ভোগ চলছে, গ্যাস, বিদ্যুৎ, তেল, সার…. সরকারের যে ব্যর্থতা, সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। পুরো জাতি অনেক সংকটের মুখোমুখি হয়েছে। একদিকে পার্লামেন্টে চলছে, জুলাই সনদ, গণরায় বাস্তবায়ন না করায়…. আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে, গুমের শিকার পরিবারগুলো এখনও জানে না, তাদের পরিবারের যে সকল সদস্য গুম হয়েছে, তারা এখন কোথায়।
জামায়াতের এই সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, গুমের শিকার পরিবারগুলোর দীর্ঘদিনের দাবি ও তাদের ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতি সংহতি জানাতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, গুম শুধু একজন ব্যক্তিকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে না, এর মাধ্যমে একটি পরিবার দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে। তাই গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায়বিচারের দাবি জোরালো করা প্রয়োজন।
জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী রোববার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা কর্মসূচিতে অংশ নেবেন। জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের দাবিগুলো তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের নেতারা গুমের ঘটনাগুলোর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগী পরিবারগুলোর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন নেতারা।
আরও পড়ুন: বিশ্বের সেরা জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, কী আছে এতে?
