, | |

মূলপাতা জাতীয়

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী


চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২১ আগস্ট, ২০২৬ ৮:১৬ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী। আজ শুক্রবার সন্ধ্যায় তাদেরকে শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ নেওয়া চার মন্ত্রী হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

এছাড়া শপথ নেওয়া দুই প্রতিমন্ত্রী হলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তাদের মধ্যে শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ফেব্রুয়ারিতে সরকার গঠন করে বিএনপি। প্রায় ১৯ বছর পর গঠিত বিএনপি সরকারের মন্ত্রিসভার আকার হয় ৫০ জনের। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আজ তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী হলেন ২৮ জন এবং প্রতিমন্ত্রী ২৫ জন।

আরও পড়ুন: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর